ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত ২০

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৩:০৫
ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ’তে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট বাহিনীর দুই বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে। স্বাস্থ্যকর্মীরা একথা জানিয়েছেন। খবর আল জাজিরার। 
 
খবরে বলা হয়, হোদেইদাহ’র প্রধান হাসপাতাল আল-থাওরার কাছে হামলা চালিয়েছে জোট বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের মৎস বন্দর ও মাছের বাজার। 
 
লোহিত সাগর সংলগ্ন শহরটির এক চিকিৎসক জানিয়েছেন, হামলা দু’টিতে নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। 
 
স্বাস্থ্যকর্মীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এদিকে, হুতি বিদ্রোহী সংশ্লিষ্ট বার্তা সংস্থা অনুসারে, নিহতের সংখ্যা ৩০ জন ও আহতের সংখ্যা ৫০ জন। 
 
জোট বাহিনীর মুখপাত্র কর্নেল তুর্কি আল-মুলকি সৌদি-মালিকানাধীন গণমাধ্যম আল আরাবিয়াকে জানান, তারা হোদেইদাহ’তে কোন হামলা চালায়নি। 
 
তিনি বলেন, জোট বাহিনী আন্তর্জাতিক আইন অনুসারে একটি শক্ত ও স্বচ্ছ নিয়ম মেনে চলে। 
 
ইত্তেফাক/ জেআর