কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের জন্মদিন পালিত

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৩:২৩
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাম রাজনীতির পুরোধা মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৮ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার নির্মল সেন স্মৃতি সংসদ নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিন পালন করে।
 
এ উপলক্ষে উপজেলার দিঘীরপাড় গ্রামে নির্মিত নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ হলরুমে একটি আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়।
 
সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু,  সাংবাদিক জাহিদুল ইসলাম, নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের প্রধান শিক্ষক লক্ষ্মণ  রায়, স্কুল পরিচালনা কমিটির সদস্য সিফাত হোসেন বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত । মাতার নাম লাবন্য প্রভা সেন গুপ্ত। নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারি পরলোকগমন করেন।
 
ইত্তেফাক/কে্আই