বগুড়ায় শিশুকে পানিতে ফেলে হত্যা, চাচি গ্রেফতার

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৭:১৭
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর খাঁপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে চার মাসের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
 
হত্যার অভিযোগে ঘটনার দিন সন্ধ্যায় তার চাচিকে গ্রেফতার করেছে পুলিশ। আবিদ হাসান নামের নিহত শিশু দুপচাঁচিয়ার মর্তুজাপুর খাঁপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
 
দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, শিশুর মা ফেরদৌসী বেগম বৃহস্পতিবার দুপুরে বাড়ির বাহিরের বারান্দায় ঝুলানো দোলনায় শিশু আবিদ হাসানকে শুইয়ে রেখে রান্না ঘরে কাজ করছিলেন। রান্না শেষে তিনি বারান্দায় গিয়ে দেখেন দোলনায় তার ছেলে নেই। শিশুর মা চিৎকার করলে বাড়ির পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে গ্রামের লোকজন ওই গ্রামের একটি পুকুরে শিশুর লাশ ভেসে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। 
 
সন্ধ্যায় সন্দেহভাজন হিসাবে শিশুর চাচি ফরিদা বেগমকে আটক করে পুলিশ। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে ফরিদা হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ লাশটি শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।
 
দুপচাঁচিয়া থানার ওসি জানান, শিশু নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি