চলমান আন্দোলনের কারণে যাত্রী ও গাড়ি এবং চালকের নিরাপত্তা দেওয়ায় ব্যর্থ হওয়ায় সিলেটের রাস্তায় গণপরিবহন বন্ধ রেখেছে চালকরা। শুক্রবার ভোর থেকে চালকরা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সরকার যতদিন নিরাপত্তা দিতে ব্যর্থ হবে ততদিন রাস্তায় যানবাহন নামাবে না বলেও জানিয়ে দিয়েছেন তারা।
পরিবহন শ্রমিকরা জানান, ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে কিছু বাস ভাঙচুর করা হয়। বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। যার ফলে স্বাভাবিকভাবে সড়কে গাড়ি চলাচল করতে পারছে না। মূলত এসব কারণ দেখিয়ে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা সেলিম আহমদ বলেন, ‘চালকরা রাস্তায় নামছে আর শিক্ষার্থীরা তাদেরকে আটকে রাখছে। রাস্তায় গাড়ি বের করলেই শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করছে বলে অভিযোগ উঠেছে। তাই নিরাপত্তার অভাবে চালকরা গাড়ি বের করছেন না।’
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ‘শ্রমিকরা যানবাহন চলাচল বন্ধ রেখেছে। যেসব চালক রাস্তায় বের হয়েছে তাদেরকে গাড়ি বন্ধ রাখতে বলা হচ্ছে। তবে তারা কোনরকম ভাঙচুর চালাচ্ছে না।,
ইত্তেফাক/এইচআরসি/বিএএফ
