রংপুরে ৩ নব্য জেএমবি গ্রেফতার

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০০:০৯
বিপুল পরিমান অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৩ নব্য সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ ধর্মীয় উস্কানীমূলক ও উগ্রবাদী বইপত্র, লিফলেট এবং বিভিন্ন প্রকার ইলেক্টনিক্স ডিভাইডার উদ্ধার করা হয়।
 
শুক্রবার বিকেলে রংপুর র‌্যাব-১৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর কমান্ডার মোজাম্মেল হক।
 
রংপুর র‌্যাব-১৩ সূত্র জানায়, পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিসপাড়ায় এমএম প্লাজা মার্কেটের ডায়না ফ্যাশন নামক একটি টেইলার্সে নব্য জেএমবি সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে পাটগ্রাম উপজেলার টেকুরগাড়ি এলাকার মৃত আজিজার রহমানের ছেলে জেএমবি লালমনিরহাট জেলা আমীর মো. ফজলে রাব্বী ওরফে রব্বুকে (২৫) গ্রেফতার করে। এ সময় একই এলাকার খাদেম শাহের আলীর ছেলে এহসান সদস্য শাহীন ইসলাম (৩৫) ও কালিগঞ্জ উপজেলার দক্ষিণ মশরত মদাতি এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে হাসান মাসুদকে (২৭) গ্রেফতার করে।
 
এসময় তাদের কাছ থেকে  ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, দেশি ওয়ান সুটারগান, এক রাউন্ড গুলি, বিপুল পরিমান ধর্মীয় উস্কানীমূলক ও উগ্রবাদী বইপত্র, লিফলেট এবং তাদের কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ইলেক্টনিক্স ডিভাইডার উদ্ধার করে।
 
র‌্যাব-১৩ কমান্ডার মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৩-৪ বছর ধরে এভাবে আত্মগোপনে থেকে গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। জঙ্গি সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ তাদের প্রশিক্ষণ দান, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে তারা লিপ্ত থাকার কথা স্বীকার করেন।
 
তিনি আরো জানান, অত্র অঞ্চলসহ বৃহত্তর রংপুরে তাদের বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা ছিল। গেফতারকৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের সংগঠনের সঙ্গে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপনে অনুসন্ধান চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি