পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ উন্নয়নের সকল ক্ষেত্রে এখন আমরা এগিয়ে। জিডিপিতেও রয়েছে আমাদের প্রবৃদ্ধি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ।
শিক্ষাক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে সম-উপযোগী শিক্ষায় রূপ দিয়েছে। স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরও বছরের প্রথমদিন বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার মান বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মোঃ আবদুল মালেক, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম মজুমদার, আবুল কাশেম চেয়ারম্যান প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমাদের জন্য এ এলাকায় আইসিটি পার্ক স্থাপন করা হচ্ছে। এ সরকার আমলে অনেক নতুন নতুন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যাতে তোমাদের লেখাপড়া শেষে চাকুরী ও কর্মসংস্থানের সৃষ্টি হয়। মন্ত্রী এর আগে লালমাই উপজেলার বিভিন্ন গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
ইত্তেফাক/নূহু
