রাজশাহীসহ উত্তরাঞ্চলের বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ২২:৪০

রাজশাহীসহ উত্তারঞ্চলের সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। রাজশাহী থেকে শুক্রবার সারাদিন কোনো বাস ছাড়েনি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারাদেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বাস মালিকেরা। তবে বাসের নিরাপত্তার কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান দাবি করেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছে। তবে তাদের সঙ্গে যোগ দিয়েছে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী। মুলত তারাই বাসে ভাংচুর চালাচ্ছে। তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রাতে বাস চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাস বন্ধের কারণ জানাতে আজ বিকেল ৫টায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইল থেকেও সব সড়কপথে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীতে প্রবেশ করেনি কোন বাস। বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েন যাত্রী। বাস না চলার এমন সিদ্ধান্তের কথা অনেকেই জানতেন না।

নওগাঁয় নিজ বাড়িতে যাওয়ার জন্য রেলগেট কাউন্টারে এসেছিলেন আব্দুল হামিদ। বাস বন্ধের খবর শুনে বিষ্মিত হন তিনি। হামিদ জানান, জরুরী কাজে নওগাঁ সদরে নিজ বাড়িতে যাওয়ার জন্য সকালে রওয়ানা হয়েছিলেন তিনি। কাউন্টারে এসে শোনেন বাস বন্ধ। অবশেষে সিএনজিযোগে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এমন অনেক যাত্রীর ভোগান্তির চিত্র সকাল থেকেই বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা মেলে। হঠাৎ বাস বন্ধের সিদ্ধান্তে হতাশ হয়ে ফিরে গেছেন যাত্রীরা।

‘শিক্ষার্থীরা দিনে রাস্তায় থাকলে বাস চলবে রাতে’
এদিকে শুক্রবার দিনভর রাজশাহীতে দুর্ভোগের পর বিকেলে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকাসহ বিভিন্ন রুটের বাস ছেড়ে যায়। এর আগে সংবাদ সম্মেলন করে ৬টা থেকে বাস চালানোর ঘোষণা দেন পরিবহণ গ্রুপের নেতৃবৃন্দ। তবে শিক্ষার্থীরা রাস্তায় থাকলে শনিবার দিনে বাস বন্ধ থাকবে। কিন্তু চলবে রাতে বলে জানান তারা।

ইত্তেফাক/নূহু