ছুটির দিনেও রাজপথে শিক্ষার্থীরা

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০০:৫২

দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে ঘরে ফেরার আহবান জানানোর পরও গতকাল শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। ব্যাপক আকারে না হলেও সকালে রাজধানীর আসাদ গেট, মিরপুর, ধানমন্ডি ২৭ নম্বর, উত্তরা, রায়েরবাগ এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। সকালের দিকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে তারা। এ সময় শিক্ষার্থীদের যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায়। অবাধ্য ট্রাফিক-ব্যবস্থাকে বশে আনতে গতকালও লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন অলিগলিতে যানবাহন থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে।

সকালে ঢাকায় মিরপুরে সনি সিনেমা হলের সামনে নিরাপদ সড়কের দাবিতে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা অবস্থান নেন। হাতে প্ল্যাকার্ড বহন করে মানববন্ধন করে তারা। সকাল ১১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর আড়ং ও আসাদগেইট এলাকায় অবস্থান নেয় কয়েকশ’ শিক্ষার্থী। তাদের কেউ মানববন্ধন করছিলেন, আবার অনেকে সড়কে নেমে গাড়িতে শৃঙ্খলার আনার কাজেযুক্ত হন। এ সময় তাদের হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মিরপুর ১০ নম্বরে আসা অনেক শিক্ষার্থীই ট্রাফিকের ভূমিকা পালন করছিলেন, অনেকে আবার পথচারীদের নির্দেশনা দিচ্ছিলেন ফুটওভার ব্রিজ ব্যবহারের।

সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হলেও তাদেরকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে সকাল থেকে শাহবাগ এলাকায়  মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধনে অংশ নেয়। তারা নিরাপদ সড়কের দাবি জানায়। জাতীয় জাদুঘরের সামনেও অভিভাবকরা মানববন্ধন করেন।

অলি গলিতেও লাইসেন্সের পরীক্ষা : গতকাল সকাল নয়টা থেকে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোড, গজনবী রোড, তাজমহল রোডসহ এলাকার বিভিন্ন রাস্তায় শিক্ষার্থীদের যানবাহন থামিয়ে চালকের  ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায়। এসময় মোটরসাইকেলে করে আসা বয়স্ক মানুষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি বাজার করতে বের হয়েছি। এ অবস্থায় কাগজপত্র আর লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে কে বের হয়? বাজার তো এখানেই। তাদের আচরণ আমাকে কষ্ট দিয়েছে- বলেন প্রবীণ ওই ব্যক্তি। বেলা  সাড়ে ১১টার দিকে শহীদ আসাদ এভিনিউয়ে আটকানো হয়েছিল এই মোটরসাইকেল আরোহীকে। সাথে কাগজপত্র না থাকায় আন্দোলনকারীদের সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। অবশ্য বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাকে যেতে দেয় আন্দোলনকারীরা।

ইত্তেফাক/নূহু