সারাদেশে বাস চলেনি

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০১:৫৬

নিরাপদ সড়কের দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় এবার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহণ মালিক-শ্রমিকরা। ঢাকার আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে বাস ছাড়েনি, বিভিন্ন জেলা থেকেও ঢাকায় কোন বাস আসেনি। রাজধানীর মধ্যেও চলাচল করেনি কোন বাস। কোনো কর্মসূচি ডাকা না হলেও বাস মালিকরা বলছেন, সড়কে ভাংচুরের কারণে পরিবহণ শ্রমিকরা বাস চালাতে চাইছেন না। অন্যদিকে শ্রমিকরা বলছেন, মালিকরা বাস নামাতে নিষেধ করেছেন। কোন কোন স্থানে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্যাহ ইত্তেফাককে বলেন, ‘ছাত্ররা বাস ভাংচুর করছে এজন্য বাস চলাচল বন্ধ রয়েছে। দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে আমরা সমর্থন করি। কিন্তু সড়কে আমাদের কোনো নিরাপত্তা নেই। পরিস্থিতি স্বাভাবিকহলে গাড়ি চলবে। তিনি দাবি করেন, এ পর্যন্ত চার শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। সে জন্যই রাস্তায় যানবাহন নামছে না।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা আইন মেনে গাড়ি চালাতে চালকদের নির্দেশ দিয়েছি। আইন অনুযায়ী দোষীদের শাস্তি আমরা মেনে নেব। নতুন আইনকে আমরা স্বাগত জানাই। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে এনায়েত উল্যাহ তাদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানান। ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, আমরা এই পরিস্থিতিতে সড়কে বাস নামাতে নিরাপদ বোধ করছি না। এভাবে বাস ভাঙচুর করলে, পুড়িয়ে দিলে আমরাও ক্ষতিগ্রস্থ হচ্ছি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে কেবল চালক ঠিক হলেই চলবে না বলে মনে করেন এই পরিবহন নেতা। তিনি বলেন, সড়কে জায়গায় জায়গায় গর্ত। এগুলোও তো দুর্ঘটনার কারণ। সড়কও মেরামত করে গাড়ি চলার ব্যবস্থা করতে হবে।

সায়েদাবাদ থেকে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের বাস ছাড়ে। এখন এসব রুটের বাস বন্ধ রয়েছে। নরসিংদীতে মহাসড়কে ঢাকা-সিলেট রুটের কোনো বাস গতকাল চলাচল করতে দেখা যায়নি। সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক সাংবাদিকদের বলেন, ছাত্রদের আন্দোলনের মধ্যে রাস্তায় গাড়ি ভাংচুর হচ্ছে। এ অবস্থায় গাড়ি চালানো সম্ভব নয়। পরিস্থিতি আগে ঠিক হোক।

ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ছাত্ররা এখন রাস্তায় নেই, কিন্তু তারপরও গাড়ি ভাংচুর করা হয়েছে। প্রথম দিন থেকেই দেখেছি ছাত্রদের কেউ গাড়ি ভাংচুর করেনি। কিন্তু ছাত্রদের মধ্যে অনেকেই ঢুকে গেছে যারা এসব কাজ করছে। এজন্য নিরাপত্তার একটা ব্যাপার আছে।

চট্টগ্রাম অফিস জানায়, চালক শ্রমিকদের নিরাপত্তাহীনতা’র দোহাই দিয়ে বন্দর নগরী চট্টগ্রাম থেকে গতকাল শুক্রবার দিনভর কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। কোনো ধরণের ঘোষণা না দিয়েই সকাল থেকে বিকেল পর্যন্ত বেশিরভাগ বাস কাউন্টার বন্ধ করে রাখা হয়।

খুলনা অফিস জানায়, খুলনা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীসহ উত্তারঞ্চলের সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সারাদিন কোনো বাস ছাড়েনি।

সিলেট অফিস জানায়, নিরাপত্তার কারণ দেখিয়ে সিলেট থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রংপুর অফিস জানায়, ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান আন্দোলনের কারণে যাত্রী-গাড়ি-চালকের নিরাপত্তার দাবিতে রংপুর বিভাগে শুরু হয়েছে দূরপাল্লা ও আন্তঃজেলা পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ রয়েছে।

জামালপুর প্রতিনিধি জানান, পরিবহন ধর্মঘটের কারণে জামালপুরের সড়ক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ট্রেনে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

পটুয়াখালী প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার সকাল থেকে পটুয়াখালীতে বাস ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ১৪টি রুটসহ সারা দেশের সাথে পটুয়াখালীর বাস চালাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ রেখেছে সুনামগঞ্জ পরিবহন মালিক সমিতি। শুক্রবার ভোর ৬টা থেকে সুনামগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

মেহেরপুর প্রতিনিধি জানান, শুক্রবার সকাল থেকে মেহেরপুরের সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, শুক্রবার সকাল থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণসহ আন্তঃজেলার সকল সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, কচুয়া-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, পরিবহনের নিরাপত্তার অজুহাতে কুড়িগ্রামের অভ্যন্তলীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে।

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, শুক্রবার থেকে নিরাপত্তা প্রদানের দাবিতে বরগুনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতি।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুরে অঘোষিত পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

বাগেরহাট প্রতিনিধি জানান, শুক্রবার দ্বিতীয় দিনেও বাগেরহাটে দূরপাল্লার পরিবহণ ধর্মঘট অব্যাহত রয়েছে।            

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, উত্তরবঙ্গ থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে না কোন বাস-কোচ। শুক্রবার দুপুর থেকে থেকে এমন দৃশ্য বিরাজমান।  রাস্তা ফাঁকা।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর থেকে বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, শুক্রবার দুপুর থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বন্ধ রয়েছে দূরপাল্লার ছোট-বড় যাত্রীবাহী বাস।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, বাস চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ইত্তেফাক/নূহু