আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমাদের আন্দোলনের লক্ষ্য অর্জিত হয়েছে। সব দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তোমরা রাজপথ ছেড়ে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ও ঘরে ফিরে যাও। দাবি বাস্তবায়নের জন্য তো একটু সময় দিতে হবে। সড়কের শৃংখলা ফিরিয়ে আনতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং সকল রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
গতকাল শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, যখন লক্ষ্য অর্জিত হয়ে যায় তখন আন্দোলন বন্ধ করতে হয়। নইলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিংবা লক্ষ্য অন্যদিকে চলে যায়। মোহাম্মদ নাসিম বলেন, বিমানবন্দর সড়কে দুই কোমলমতি শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক । এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, বর্বরতম-নৃশংস হত্যাকাণ্ড। দ্রুত বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করা দেখতে চায় ১৪ দল। একই সঙ্গে ১৪ দল এই দুই পরিবারের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সমবেদনা জানাচ্ছে। নিহতদের আত্মার মাগফেরাতও কামনা করেছে। তিনি বলেন, এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। চার দিন ধরে, অনেক ক্ষেত্রে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কোথায় অব্যবস্থাপনা আছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কার্যকর উদ্যোগ নিতে তিনি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান খান, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, বাসদের রেজাউর রশিদ খান, গণআজাদী লীগের এস কে শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় ধানমন্ডি ৩২ এ শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৪ দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ১৭ আগস্ট শোক দিবসের একটি আলোচনা সভার সিদ্ধান্তও হয় ওই বৈঠকে।
মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলীয় নেতারা আজ দিয়ার বাসায় যাচ্ছেন
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলীয় নেতারা আজ শনিবার বিকালে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়ার বাসায় যাচ্ছেন। তারা দিয়ার পিতার সঙ্গে কথা বলবেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানাবেন।
ইত্তেফাক/নূহু
