শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা দাবি আগামীকাল রবিবার থেকে সরকারকে মানার পদক্ষেপ নেয়ার শর্ত দিয়ে তাদের ঘরে ফেরার আহবান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ আহবান জানান।
ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষার্থীদের যে দাবি আপনারা মেনে নিয়েছেন, রবিবার থেকেই যেন আমরা দেখতে পাই সেই কাজগুলোতে আপনারা হাত দিয়েছেন। তিনি বলেন, ছোট ছোট বাচ্চাদের আন্দোলনে এটা উঠে এসেছে, যারা নিয়ম-শৃঙ্খলার জন্য রাস্তায় থেকে গাড়ির ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন তাদের নিজেদেরই অনেকের লাইসেন্স নেই। তাই আমাদের প্রত্যাশা, অন্যের লাইসেন্স চাওয়ার আগে তারা নিজের লাইসেন্সটা সংগ্রহ করবেন। সেজন্য তাদের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয় থেকে যেন নির্দেশনা আসে।
যানবাহন খাতে কঠোর আইন করার সময় চলে এসেছে মন্তব্য করে ইলিয়াস কাঞ্চন আরো বলেন, আমি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীকে বলতে চাই এই কোমল মতি শিশুরা রাস্তায় নেমে আপনাদের কাজ সহজ করে দিয়েছে। এখন আপনারা কঠোর আইন করতে পারেন। এই আইনের পক্ষে দেশের সব মানুষ। আর আইন করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের চিকিত্সা ও ভরণপোষণের ব্যবস্থা রাখতে হবে। তিনি বলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সারাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা দেশের সড়ককে নিরাপদ করার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠেই রয়েছি এবং মাঠে থাকবো, যতদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন ও সমাবেশ চলে। তবে সকাল ১০টা থেকেই বিভিন্ন সংগঠন ও ব্যক্তি জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার দুই পাশ বন্ধ করে সমাবেশ ও মানববন্ধন করেন।
ইত্তেফাক/নূহু
