পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ অর্জন করা সম্ভব হবে। ৮ থেকে সাড়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি অন্তত তিন বছর ধরে রাখতে হবে। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
শনিবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার লালমাই অডিটরিয়ামে দুই দিনব্যাপী বার্ডের ৫১তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বার্ড অগ্রণী ভূমিকা পালন করছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায় বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি বার্ডের সফল কর্মসূচির ফসল।
বার্ডের মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে গেস্ট অব অনার ছিলেন সিরডাপের মহাপরিচালক টেভিটা জি বোসোওয়াকা তাজিনাভুলাও।
এতে বক্তব্য রাখেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. এমএ মতিন, বাপার্ড এর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান, বার্ড কুমিল্লার পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
