খুলনায় বিভিন্ন যানবাহনের ৪৮ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নগরীর তিনটি পৃথক স্থানে এ অভিযান চালানো হয়।
জানা যায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরীর তিনটি পৃথক স্থানে অবৈধ, ফিটনেস ও লাইসেন্সবিহীন, লুকিং গ্লাস ছাড়া যানবাহন এবং অপ্রাপ্ত বয়স্ক ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ইমরান খান ও রাশেদুল ইসলাম।
খুলনা জেলা প্রশাসনের এনডিসি আরাফাতুল আলম বলেন, জেলা প্রশাসক আমিন উল আহসান ও পুলিশ সুপার এসএম শফিউল্লাহ উপস্থিত থেকে যানবাহন ও চালকের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন। পরে বিভিন্ন অপরাধে ৪৮ চালককে শাস্তি দেয়া হয়। জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইত্তেফাক/আরকেজি
