বাগেরহাটে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৫০
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাহাঙ্গীর খাঁ (৪৮) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সংলগ্ন মহিষপুরা পুলিশ ফাঁড়ির কাছে পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো বসতবাড়ি সংলগ্ন মৎস্য ঘের পাহারা দিতে যান জাহাঙ্গীর। রাত সাড়ে ১১টার দিকে রাস্তার উপর তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
 
আশঙ্কজনক অবস্থায় রাত ১২টার দিকে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশী শত্রুপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি পরিবারের।
 
মোড়েলগঞ্জ থানার ওসি ঠাকুর দাস মণ্ডল শনিবার দুপুরে জানান, পিরোজপুর হাসপাতালে লাশ ময়ন্ত তদন্তের জন্য পাঠানো হয়েছে। মোড়েলগঞ্জ ও পিরোজপুর সীমান্তের বলেশ্বর নদীর চর দখল নিয়ে এর আগেও এখানে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি