রাজধানীর জিগাতলার ঘটনা নিয়ে ফেসবুক লাইভে এসে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ভুল তথ্য দেয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, নিজের চোখে এসব ঘটনা দেখেননি তিনি। অন্য আরেকজনের কাছে শুনে ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন।
নওশাবা বলেন, আমি শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ছিলাম। সেখানে সত্যিকার অর্থেই যারা স্কুলের শিক্ষার্থী, তাদের সঙ্গে আমি দাঁড়িয়েছি। হামলা হওয়ার পর ওরা আমাকে ফোন করে। তারপর আমি লাইভে আসি। লাইভে আসার পর তথ্যগুলো শেয়ার করি।
চারজনের মৃত্যুর খবর যদি সত্যি না হয় এমন প্রশ্নে তিনি বলেন, আমার তথ্য যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি যার কাছ থেকে শুনেছি, তাকে আমার জিজ্ঞাসা করতে হবে।
নওশাবা ওই গণমাধ্যমকে বলেন, আমি অন্তত এতটুকু সত্যতা দিতে পারি, চোখে আঘাত করা হয়েছে। এ ঘটনার সত্যতা আমি দিতে পারি।
এই বক্তব্যের বিষয়ে জানতে ইত্তেফাক থেকে নওশাবার ফোনে যোগাযোগ করা হলে তাতে সাড়া পাওয়া যায়নি।
এর আগে নওশাবা ফেসবুক লাইভে বলেন, ‘জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থী ইঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা হয়েছে। আর চারজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় অবস্থান করছে। আপনারা এখনই রাস্তায় নামেন। বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যান, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন।’
উল্লেখ্য, শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পাথর, ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় কুচক্রী মহল। হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠি ও আগ্নেয়াস্ত্রও ছিল।
ইত্তেফাক/জেডএইচ
