মতলব উত্তরে জামাইয়ের দেয়া এসিডে চারজন দগ্ধ হয়েছে। শুক্রবার রাতে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামে দুলাল পাটোয়ারীর ঘরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত অভিকে (১০) চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে।
দুলাল পাটোয়ারী বলেন, ১২ বছর আগে আমার মেয়ে আফরোজার বিয়ে হয় কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের খলিলুর রহমানের সঙ্গে। বিয়ের পর থেকেই মেয়ের স্বামী তাকে নির্যাতন করে আসছিল। আফরোজাকে বিয়ে করার আগেই খলিল আরেকটি বিয়ে করেছিল। ওই সংসারে তার ৪টি সন্তান রয়েছে। পরে আফরোজা এ বিষয়টি মেনে নিচ্ছিল না এবং তার সংসার করতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে তাদের মধ্যে মনমালিন্য চলছিল।
তিনি আরও বলেন, গত শুক্রবার খলিল আমার বাড়িতে আসলে আফরোজার সাথে কথা কাটা কাটি হয়। এরপর খলিল রাতের আঁধারে ২টি গরুকে বিষ (পোকা নিধন ওষুধ) খাইয়ে মেরে ফেলে এবং আমার মেয়েকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। ওই এসিডে খলিলের ছেলে অভি (১০), আমার ছেলে নোমান (১৩), সাজেম (১০) ও নাতিন সুমাইয়া (১) দগ্ধ হয়।
মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, বিষয়টি তদন্ত করেছি। তার মেয়ের জামাই এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। দুলাল পাটোয়ারী এ ঘটনায় মামলা করতে অনিচ্ছুক। তারপরও বিষয়টি আমরা দেখছি।
ইত্তেফাক/আরকেজি
