রংপুরে শিক্ষার্থীদের চকলেট খাওয়ালেন পুলিশ

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২১:৪৬
৯ দফা দাবি আদায়ে শনিবারও রংপুরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল। আন্দোলন চলাকালে পুলিশের সাথে কয়েক দফায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ক্ষুব্ধ শিক্ষার্থীদের চকলেট খাইয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে পুলিশ।
 
এদিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন ডিসি।
 
রংপুর মহানগরীর রংপুর মেডিক্যাল কলেজ, জিলা স্কুল, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কলেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর উচ্চ বিদ্যালয়, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, রংপুর সরকারি কলেজ, লালকুঠি স্কুল অ্যান্ড কলেজের কয়েক হাজার শিক্ষার্থী শনিবার সকাল ৯টায় রংপুর মেডিক্যাল কলেজের পিন্নু হোস্টেলের সামনে জড়ো হয়।
 
সেখান থেকে তারা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে উঠতে চাইলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গোল চত্বরে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে এসে ধাপ পুলিশ ফাঁড়ির সামনে জমায়েত হয়। এসময় সেখান থেকে একজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
 
শিক্ষার্থীরা হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক ভবনের সামনের রাস্তায় বসে অবরোধ করে। এসময় সেখান দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বিপুল পরিমান পুলিশ সেখানে উপস্থিত হয়। শিক্ষার্থীরা দাবি আদায়ের বিভিন্ন ধরনের গান এবং স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ তাৎক্ষণিকভাবে তাদের মাঝে চকলেট বিতরণ করতে থাকেন।
 
এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বলেন, শিক্ষার্থীদের আমার চেষ্টা করেছি ক্লাসে ফিরিয়ে নিতে। কিন্তু তারা ফেরেনি। বেলা ৩টায় নিজেরাই ফিরে গেছে। আমরা সতর্ক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করেছি।
 
ইত্তেফাক/আরকেজি