ইনজুরি সমস্যা: জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না সাকিব!

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ০৬:৩১
গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাঁ-হাতের কনিষ্ঠায় পাওয়া ব্যথা ভালোই ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছিলেন তিনি। ইনজুরির কারণে দুই মাসের বিরতি শেষে ফিরেছিলেন নিদাহাস ট্রফিতে। একই ইনজুরির কারণে আবারও অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। অস্ত্রোপচারের টেবিলে যেতেই হবে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
 
ফ্লোরিডায় বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে সাকিব বলেছেন, ‘আঙুলের ব্যথাটা পুরো সফর ধরেই ভোগাচ্ছে। এত দিন ওষুধ খেয়ে চালিয়েছি। কিন্তু ব্যথা বাড়তে থাকায় আজ ইঞ্জেকশন (বেদনানাশক) নিলাম। এবার অপারেশন করানো লাগবে।’
 
ব্যথার কারণে ফ্লোরিডায় গত শুক্রবার অনুশীলনই করেননি সাকিব। নিয়েছেন ব্যথানাশক ইনজেকশনও। সুবিধাজনক সময়ে অস্ত্রোপচার করাতে চান তিনি। বোর্ডের সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ ঠিক করবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
 
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশে ফিরে বড় বিশ্রাম পাবে না জাতীয় দল। কারণ সেপ্টেম্বরেই আরব আমিরাতে হবে এশিয়া কাপ। অক্টোবরে টেস্ট, ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। নভেম্বর ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিবে বাংলাদেশ। তারপর বিপিএল শুরু হবে বছরের শুরুতেই। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। ওই সফরের পরই শুরু হবে বিশ্বকাপের মিশন।
 
তাই ঠাসা আন্তর্জাতিক সূচিতে ফাঁকা সময় বের করা কঠিন। তাহলে সাকিব কখন অস্ত্রোপচার করাবেন? অস্ত্রোপচারের পর ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে তার সুস্থ হতে। সেই বিশ্রামের সুযোগটা বিশ্বসেরা অলরাউন্ডার কখন নিতে পারবেন, তা সময়ই বলে দিবে। এবং বলা বাহুল্য বিসিবির সঙ্গে আলোচনার পরই ঠিক হবে সময়টা।
 
ক্রিকেটপাড়ায় গুঞ্জন, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিরিজ থেকেই হয়ত সরে দাঁড়াতে পারেন সাকিব। আপাত দৃষ্টিতে অক্টোবরে জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজটা হতে পারে কম গুরুত্বপূর্ণ। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা, বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বিশ্রাম নিয়েই হয়ত অস্ত্রোপচারের সুযোগ নিতে পারেন সাকিব। সেপ্টেম্বরে এশিয়া কাপের পরপরই অস্ত্রোপচার করালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের আগে অনেকটা সুস্থ হয়ে উঠতে পারবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
 
গতকাল জানতে চাইলে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, ‘এবার সহ দ্বিতীয়বার ইনজেকশন তাকে নিতে হলো। ইনজুরির পর অস্ট্রেলিয়ার চিকিত্সকরা ইনজেকশন দিয়ে চালাতে বলেছিলেন। এখন যুক্তরাষ্ট্রের চিকিত্সকরা কি বলেছেন আমি জানি না। অস্ত্রোপচারের বিষয়ে আমি নিশ্চিত নই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, এমন চিকিত্সায় ইনজুরি ম্যানেজ করা যায়। কিন্তু সমস্যা হয় যখন বারবার ব্যথা হয়। তেমন কিছু হলে অস্ত্রোপচার লাগবে। যদি তাই হয় তাহলে তাকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’
 
ইত্তেফাক/কেআই