নিরাপদ সড়কের লক্ষ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য রাঙ্গামাটিতে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকালে শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনর রশীদ।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সেলিম, রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরেশ মজুমদার।
ট্রাফিক সপ্তাহের শুরুতে রাস্তায় চলাচলকারী যানবাহনের ও চালকের বৈধ কাগজ পত্র যাচাই করা হয়।
এর আগে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, পুলিশ, পরিবহন মালিক ও চালক একে অপরের পরিপূরক। কেউ কারও প্রতিপক্ষ নয়। নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং না করা এবং নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ওভারটেক, বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইত্তেফাক/একেএমএমএ/জেডএইচ
