বাগেরহাটে দূরপাল্লার সব যানবাহন বন্ধ

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৬:০১
শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের মুখে দূরপাল্লার পরিবহন ধর্মঘটে বাগেরহাটের সঙ্গে ঢাকাসহ সারদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে সারাদেশ থেকে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট।
 
রবিবার সকালে ধর্মঘটের ৪র্থ দিন ছিল। আজ বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার গাবতলী, সায়েদাবাদ টার্মিনাল ও চট্টগ্রামসহ সারাদেশে দূরপাল্লার কোন পরিবহন চলাচল করেনি। এর আগে শনিবার পর্যন্ত বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার সায়েদাবাদ টার্মিনালগামী দূরপাল্লার পরিবহন চলাচলা করলেও তা শনিবার রাতে বন্ধ করে দেয়া হয়। একই ভাবে শনিবার রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব ধরনের নৈশকোচ চলাচলও বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা। পরিবহন মালিক-শ্রমিকরা দূরপাল্লার সব পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। 
 
ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন পরিবহন ভাঙচুর করছে এমন অভিযোগ তুলে পরিবহন মালিক-শ্রমিক নেতারা বাগেরহাটে বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার দিবা-নৈশ সবধরনের পরিবহন চলাচল বন্ধ করে দেয়। 
 
একাধিক যাত্রী জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন মালিক-শ্রমিকদের খামখেয়ালির রোষানলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এতে করে অনেকের জরুরি কাজ থাকা সত্বেও ঢাকা ও চট্টগ্রামে যাতায়াত করতে পারছে না।
 
বাগেরহাট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বকী তালুকদার জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরিবহন ভাংচুরের ভয়ে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার পরিবহন চলাচল এখন সম্পূর্ন বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। তবে বাগেরহাট জেলার সকল অভ্যন্তরীণ রুটে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
 
ইত্তেফাক/নূহু