সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে পাওয়া জাহিন আলম (১০) তার পরিবারে ফিরতে চায়। সে তার মা-বাবা, নানা-নানির নাম বলতে পারলেও জানে না কোথায় তার ঠিকানা।
গত ২৪ জুলাই রাত ১১টার দিকে বাসের কয়েকজন যাত্রী তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
আলম জানায়, সে সাভার থেকে এসেছে নবীনগর যাবে। নবীনগরের কোথায় যাবে তাও ঠিক করে বলতে পারছে না। তার বাবা (মৃত)- জাহাঙ্গীর আলম, মা- মমতাজ বেগম (বিদেশে থাকেন)। নানা- মহিন উদ্দিন ও নানি- সালমা বেগম। এর বেশি সে বলতে পারেনি।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন বলেন, শিশুটি তার ঠিকানা বলতে পারছে না। মা-বাবার নাম বললেও ঠিকানা না জানায় তাকে তার পরিবারের কাছে পাঠানো যাচ্ছে না।
তাই শিশুটিকে আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজধানী মিরপুরের ভবঘুরে আশ্রয় কেন্দ্রে রাখার নির্দেশ দেন। বর্তমানে সেখানেই রাখা হয়েছে শিশুটিকে। যদি কেউ তার অভিভাবকের সন্ধান পায় তাহলে আশুলিয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
