এসপি গোল্ডেন লাইনের মালিক গ্রেফতার

আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৯:৫৯
রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী  সাইফুল ইসলাম রানা নিহত হওয়ার ঘটনায় এসপি গোল্ডেন লাইন পরিবহণের মালিক জুনায়েদ হোসেন লস্করকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। 
 
র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৩ আগস্ট রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহণের একটি মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানা (৩০) নিহত হন। ঘটনার পরদিন তার বাবা বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
শনিবার রাতে এসপি গোল্ডেন লাইনের মালিক লস্করকে সাতক্ষীরা থেকে আটক করে র‌্যাব। রবিবার বিকালে তাকে রমনা থানায় হস্তান্তর হয়। দুর্ঘটনার পর বাসটির চালক ইমরান সরদার (২৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে তাকে উত্তম-মধ্যম দেন। এরপর পুলিশে হস্তান্তর করেন। বর্তমানে দুইদিনের রিমান্ডে রয়েছেন বাস চালক। তার বাড়ি পিরোজপুর সদরের কুমুড়িয়ায়।
 
ইত্তেফাক/এমআই