শৃঙ্খলা ফেরাতে ৬ কোম্পানির আওতায় আসবে গণপরিবহন

আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৩:৫০
 
ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নেয়া উদ্যোগ ‘বাস রুট স্পেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা’ নামক প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
 
তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ নিয়ে একটি বৈঠক হবে। এই উদ্যোগ কার্যকর হলে গণপরিবহনে স্বস্তি চলে আসবে। রবিবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে ‘নিরাপদ সড়ক: আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন।
 
প্রয়াত মেয়র আনিসুল হকের প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী, রাজধানীর ঢাকার ভেতরে চলমান ৩০০টিরও বেশি বাস কোম্পানিকে মাত্র ৬টি কোম্পানিতে রূপান্তর করার কথা ছিল। ওই ছয়টি কোম্পানির মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান বাস কোম্পানিগুলোকে একীভূত করে নগর পরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ ছিল। এতে রাস্তায় কোনো বাস অপর কোনো বাসের সাথে যাত্রী নিয়ে কাড়াকাড়ি করবে না। বরং সুশৃঙ্খলভাবে একটি অপরটির পিছনে চলবে। অন্যদিকে যেখানে সেখানে যাত্রী না উঠিয়ে বাসগুলো লাইনে দাঁড়িয়ে যাত্রী উঠাবে এবং টিকিটের বিনিময়ে যাত্রী পরিবহন করবে। ফলে যানজট নিরসন হবে।
 
জানা যায়, ছয়টি কোম্পানির নাম দেয়া হয়েছে যথাক্রমে পিংক সার্ভিস, ব্লু সার্ভিস, পেস্ট সার্ভিস, অরেঞ্জ সার্ভিস, ইয়েলো সার্ভিস ও গ্রিন সার্ভিস। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে হ্যাভিটেড কনসালট্যান্ট লিঃ নামক একটি প্রতিষ্ঠানকে দিয়ে বাস রুটগুলোকে একীভূত করার কর্মপরিকল্পনা ও মাঠ পর্যায়ের জরিপ সম্পন্ন করেছিলেন মেয়র আনিসুল হক। মেয়রের জীবদ্দশাতেই প্রকল্পের জরিপ ও ডিজাইনের সিংহভাগ কাজ শেষ করে কনসালট্যান্ট প্রতিষ্ঠান। কিন্তু মেয়রের মৃত্যুতে প্রকল্পটি ঝিমিয়ে পড়ে। তবে বর্তমানে দুই সিটি করপোরেশনকে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, প্রকল্পের কাজ শুরু হলে আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব। তবে নতুন কোনো ধারণা নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রয়াত মেয়র মহোদয়ের পরিকল্পিত এই একীভূতকরণ পদ্ধতিই বাস্তবায়ন হবে। তবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বড় অংকের বাজেটের প্রয়োজন হবে।
 
এদিকে ছাত্রদের দাবির মুখে আজ সোমবার নগর ভবনে সর্বস্তরের মানুষ নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করেছে ডিএসসিসি। সেখান থেকে যেসব প্রস্তাব আসবে সেগুলোও বিবেচনায় নিয়ে আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানান সংস্থাটির মেয়র সাঈদ খোকন।
ইত্তেফাক/ইউবি