জয়পুরহাটে রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস উদযাপন

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ০০:২৬
‘আমার মুক্তি আলোয় আলোয় ...,’ গানের ভিতর দিয়ে যখন দেখি ভূবনখানি....,’ এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতে হবে’.., সমবেত কণ্ঠে এই কালজয়ী গান পরিবেশনের মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, জয়পুরহাট শাখা উদযাপন করেছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম মহা প্রয়ান দিবস।
 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম মহাপ্রয়ান দিবস উপলক্ষ্যে জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক মিলনায়তনে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার। এতে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ফেরদৌস আরা লিপি’র নেতৃত্বে সমবেত কন্ঠে পরিবেশন করা হয়’ আমার মুক্তি আলোয় আলোয়..’, 
 
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি..,  এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতে হবে..,’ তোমার অসীমে, প্রাণে মন লয়ে.., আজি যত তারা তব আকাশে.., আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে’.., গানের সুরের আসনখানি, পাতি পথের ধারে’.., ধায় যেন মোর সকল ভালোবাসা’..। বিশিষ্ট্য আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখের সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা লিপি, উৎপলা চৌধুরী, দিগন্ত দে, সাদাত, খাদিজা, নুসরাত জাহান মুক্তা, পরিমল মণ্ডল, বনশ্রী চাকী, ফারুক হোসেন। 
 
এর আগে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট,  সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান তুলশী দাস, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী ও  জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক-লেখক আমিনুল হক বাবুল আলোচনায় অংশ নেন।
 
ইত্তেফাক/কেআই