হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৫:৪০
সাবেক হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন বৃহত্তর হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুজিবুর রহমানকে আটকিয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীনের পিতা গিয়াসউদ্দিন গাজী ‘রাজাকার নয়, মর্মে কাগজে স্বাক্ষর’ নেয়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন করেছেন দুই শতাধিক মুক্তিযোদ্ধা।
 
গতকাল দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারস্থ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাসার, মাহবুবুল আলম চুন্নু, খোরশেদ আলম সর্দার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের উপজেলা আহবায়ক শুকুর আলম শুভ প্রমূখ।
 
বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মজিবুর রহমান মজুমদারকে লাঞ্চিত ও বল প্রয়োগ করে স্বাক্ষর নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালে স্বাধীন বেতার কেন্দ্রের শিল্পীরা যদি মুক্তিযোদ্ধা হতে পারে তাহলে রাজাকারদের গান গেয়ে মনোরঞ্জনকারীরা কেন রাজাকার হবে না?
 
উল্লেখ্য, গত ২৯ জুলাই রবিবার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবুর রহমান মজুমদারকে ডেকে নিয়ে জিম্মি করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ করে ৩০ জুলাই সোমবার দুপরে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন কমান্ডার মজিবুর রহমান মজুমদার। একই দিন দুপরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
 
ইত্তেফাক/নূহু