পূর্বধলায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে দুই বখাটে আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৫:৪৫
নেত্রকোনার পূর্বধলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জুয়েল মিয়া (১৬) ও বোরহান উদ্দিন (১৫) নামের দুই বখাটেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আটক করে পুলিশে সোর্পদ করেছেন।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত জুয়েল মিয়া ওই গ্রামের শামছদ্দিনের ছেলে ও বোরহান উদ্দিন আবুল কাসেমের ছেলে।
 
এ ঘটনায় শ্লীলতাহানীর অভিযোগ এনে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দুই বখাটের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
প্রাপ্ত অভিযোগে জানা যায়, বখাটে জুয়েল মিয়া ও বোরহান উদ্দিন বেশ কিছুদিন যাবত উপজেলার সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ওই ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করে আসছিল। গত সোমবার সকালে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটেরা তার গতিরোধ করে শ্লীলতাহানীর চেষ্ঠা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন জানান, ছাত্রীর বাবা বিষয়টি তাকে অবগত করলে তিনি আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল ও থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন।
 
ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল জানান, তিনি ঘটনাটি শোনার পর তাৎক্ষনিক বিষয়টি তদন্ত করে সত্যতা পান। বখাটেদের অভিভাবক ও স্থানীয়দের সহায়তায় ওই দুই বখাটেকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
 
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান মিজান বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছাত্রীর বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। 
 
ইত্তেফাক/নূহু