জেলার ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক নির্মাণের বছরেই ভাঙ্গন শুরু হওয়ায় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন। জানা গেছে, এই রাস্তার করতকান্দি গ্রাম হতে ভাঙ্গুড়া পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। এর মধ্যে সতের কিলোমিটার রাস্তার মাটির কাজ শেষে সাত কিলোমিটার পাকা করা হয়েছে। ইতিমধ্যে করতকান্দি হতে চন্ডিপুর গ্রাম পর্যন্ত পাকা সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর অভিযোগ সড়ক নির্মাণ কাজে বালু, খোয়ার প্রেডিং ভাল না হওয়ায় এক বছরেই রাস্তা ভাঙ্গতে শুরু করেছে।
এ ব্যাপারে এলজিইডির উপসহকারি প্রকৌশলী শরিফ উদ্দিন মন্ডল বলেন, করতকান্দি স্কুলের সামনে নিচে ঝরণা থাকায় সড়ক ভাঙ্গছে। এখানে একটি র্কালভাট নির্মাণ করলে ভাঙ্গন বন্ধ হবে।
এদিকে এই সড়কে নৌবাড়িয়া গ্রামের পেছনে দেড় কিলোমিটার রাস্তায় মাটির কাজ এখনো শেষ হয়নি। অপরদিকে আটটি ব্রিজের মধ্যে পাঁচটি ব্রিজের নির্মাণ শেষ হলেও অবশিষ্ট তিনটি ব্রিজের ছাদ ঢালাই এখনো বাকি রয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে এই সড়ক নির্মাণে একশ ৩০ কোটি টাকা বরাদ্দ হয়। কিন্ত ঠিকাদারের গাফিলতির কারণে আট বছরে এর নির্মাণ কাজ শেষ হয়নি।
উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, চলনবিলের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করতে হচ্ছে বলে সময় বেশি লাগছে। তবে আগামী বছর এ প্রকল্পের কাজ শেষ হবে আশা করি।
ইত্তেফাক/নূহু
