দ্রুত সড়কে শৃংখলা ফিরে আসবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:২৭
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জনগণের নির্বিঘ্ন যাতায়ত এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সড়ক পরিবহন আইন ২০১৮ মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে।
 
এই আইন অনুমোদনের ফলে দ্রুততম সময়ে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে বলে তিনি উল্লেখ করেন।
 
আজ মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। 
 
সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এই অভিনন্দন মিছিলের আয়োজন করে।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা গুজবে কান দিবে না। সড়কে কোনো রকম নৈরাজ্য সরকার সহ্য করবে না বলেও জানান তিনি।
 
কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এ সময় উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে