নাগরিক শক্তিকে পাশে থাকার অনুরোধ বিএফইউজে নেতাদের

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ২০:৩০
শিক্ষার্থীদের আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলাকারিদের অতিদ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিএফইউজে। বিভাগজুড়ে সাংবাদিক সংগঠনগুলোকে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত নেতৃবৃন্দ। একইসঙ্গে সাংবাদিকদের জোটবদ্ধ থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তারা।
 
বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে অনুপ্রবেশকারী দুর্বৃত্তদের দ্বারা হামলায় সাংবাদিক আক্রান্ত হওয়া উদ্বেগজনক। খুঁজে খুঁজে সাংবাদিকদের ওপর এমন হামলা স্মরণকালে নজিরবিহীন।
 
দলমতের উর্ধ্বে ওঠে এই হামলাকারিদের গ্রেফতারের দাবি জানিয়ে বিএফইউজে নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকদের হামলাকারীরা যে কোন যৌক্তিক আন্দোলন, গণতান্ত্রিক ও উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে অপশক্তি। এদের গ্রেফতার না করলে সামগ্রিক অগ্রযাত্রা সম্ভব নয়।
 
সম্প্রতি গুজব, উত্তেজনা ও উদ্বেগজনক উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের নিরবচ্ছিন্ন নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন ও পেশাজীবীসহ  নাগরিক শক্তিকে পাশে থাকারও অনুরোধ জানিয়েছেন বিএফইউজে নেতারা।
 
ইত্তেফাক/নূহু