লক্ষ্মীপুরের রামগতিতে মাদক সেবনের দায়ে মো: ইসমাইল হোসেন নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
ইসমাইল হোসেন উপজেলার চর হাসান-হোসেন গ্রামের মো. খলিলের ছেলে।
পুলিশ জানায়, পৌরসভার শিক্ষাগ্রামের মাদক ব্যবসায়ী মো. রায়হানের ভাড়া করা একটি ঘরে ইয়াবা সেবনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইসমাইলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইলকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, ইসমাইলকে ইয়াবা সেবন অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ইয়াবা সেবনের কথা স্বীকার করায় এবং সাক্ষীদের জবানবন্দীতে ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইত্তেফাক/বিএএফ
