মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের ভেতরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধুর খুনিদের আপাতত বিচার হলেও হত্যায় ষড়যন্ত্রকারীদের এখনও বিচার হয়নি। তাদের সকলকে বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
আজ বুধবার দুপুরে বগুড়া শহরের নিশিন্দারা চারমাথায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ ৬ উপজেলায় কমপ্লেক্স উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গণপূর্ত অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী বাকীবিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শিগগির শুরু হচ্ছে। এ জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য দেশের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে ২ কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই
