মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা শিগগিরই শুরু হবে : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৭:৫২
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শিগগিরই শুরু করা হবে। এ জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে।
 
বুধবার দুপুরে বগুড়া শহরের নিশিন্দারা চারমাথায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ ৬ উপজেলায় কমপ্লেক্স উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, গণপূর্ত অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী বাকীবিল্লাহ।
 
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য দেশের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে ২ কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্স নির্মান করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে সরকার পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, যত জায়গায় বীর মুক্তি যোদ্ধাগণ যুদ্ধ করেছেন সেসব জায়গা চিহ্নিত করে সংরক্ষণ করা হবে। যুদ্ধের স্থানগুলো সংরক্ষণ করে সেখানে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হবে। তিনি মুক্তিযোদ্ধাসহ দেশের মানুষের সার্বিক কল্যানে পূনরায় নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শাজাহানপুর, সোনাতলা, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, শেরপুর ও ধুনট উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
 
ইত্তেফাক/নূহু