সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কলোনীর ১৪টি কক্ষ এবং ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুুরে আশুলিয়ার বাংলাবাজার গোমাইল এলাকার ইছাহাক মন্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষনিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ করে শ্রমিক কলোনীটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই কলোনীর শ্রমিকরা কারখানায় কর্মরত থাকায় কলোনীর কক্ষগুলো বন্ধ ছিল। আগুন লাগার পর স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু ঘরগুলো বন্ধ থাকায় ভিতরের আগুন নেভাতে বেগ পেতে হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে।
শ্রমিক কলোনীর ম্যানেজার মোঃ আমিরুল জানায়, দুপুর ১১টার দিকে হঠাৎ শ্রমিক কলোনীতে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানোর পাশাপাশি পাশ্ববর্তী একটি পোশাক কারখানার অগ্নিনির্বাপক দলের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। কিন্তু ততোক্ষনে শ্রমিক কলোনীর ছোট-বড় মিলে ১৪ টি কক্ষসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
ইত্তেফাক/নূহু
