কমলাপুরে প্রথম দিনেই টিকিটের জন্য উপচে পড়া ভিড়

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৯:৫৫
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রির প্রথমদিন বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। অন্যান্য বারের মতো ঈদের আগাম টিকিট সংগ্রহের জন্য আসা মানুষের ভিড়ের চিরচেনা রূপে ফিরেছে কমলাপুর রেলস্টেশন। কাউন্টারের সামনে শুধু টিকিট প্রত্যাশী মানুষ আর মানুষ। বিগত বছরগুলোর মতো এবারও দশ দিন আগে থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 
 
বুধবার সকালে রেলস্টেশনে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। এ দিন বিক্রি হয় ১৭ আগস্ট যাত্রার টিকিট। বৃহস্পতিবার  বিক্রি হবে  ১৮ আগস্টের টিকিট। এ ভাবে ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে মিলবে ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকিট। এ দিনগুলোতে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর টিকিট কাটার জন্য যে ২৬টি কাউন্টার খোলা হয়েছে তার মধ্যে দু’টি নারীদের জন্য সংরক্ষিত।
 
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ট্রেনের আগাম টিকিট বিক্রিতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছে। আমদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মধ্যেই আমরা চেষ্টা করছি। সকাল থেকেই সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রগ করছেন।
 
রেল সূত্রে জানায়, এবারও মোট টিকিটের ৬৫ শতাংশ দেয়া হচ্ছে কাউন্টার থেকে। বাকি ৩৫ শতাংশের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে। ৫ শতাংশ ভিআইপি ছাড়াও রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। 
 
ইত্তেফাক/এমআই