বাগেরহাটের শরণখোলায় টহলরত পুলিশ ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগে উপজেলা বি.এন.পি ও জামায়াতের ৭ নেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশের এসআই মোঃ সাখায়েতুল ইসলাম বাদী হয়ে ৮ আগস্ট (বুধবার) শরণখোলা থানায় এ মামলা রেকর্ড করেন।
পুলিশ জানায়, ৭ আগস্ট (মঙ্গলবার) রাতে এসআই সাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার আমড়াগাছিয়া এলাকায় টহলরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত অানুমানিক দেড়টার দিকে উপজেলার পশ্চিম বানিয়াখালী এলাকার আনোয়ার হাওলাদারের বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছুলে পুলিশ ভ্যান লক্ষ্য করে কতিপয় দুর্বৃত্ত একাধিক হাত বোমা নিক্ষেপ করে।
এ সময় ঘটনাস্থল থেকে ৪টি হাতবোমা উদ্ধার করা হয়। ওই এলাকা থেকে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আল-আমিন খানকে (৩২) আটক করা হয় বলে পুলিশ দাবি করে। মামলার অন্য আসামিরা হলো, বিএনপি নেতা খান মতিয়ার রহমান (৬২), টি.এম জসিম উদ্দিন জাফর (৫৮), মধু তালুকদার (৪০), নাজির কাজী (৪৫), মাদ্রাসা সুপার মাওঃ জয়নুল আবেদীন ও ছাত্রদল নেতা শাফিকুল ইসলাম (৩৮) সহ অজ্ঞাত আরও ২৫জন আসামি রয়েছে।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম জানান, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পুলিশ ভ্যানে বোমা নিক্ষেপ করেছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
