সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৬:৩৬
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১০ টায় শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
 
সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক আইয়ুব আলী প্রতিবাদ সভার সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেনদৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক বাদল চৌধুরী, বগুড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম বগড়া, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা শাখার সভাপতি মো. আবু মুছা, শেরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন।
 
সভায় বক্তারা ঢাকায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা। জাতীয় সাংবাদিক সংস্থার এই কর্মসূচিতে নানা শ্রেণি পেশার মানুষ একাত্মতা ঘোষণা করে অংশ নেন।
 
ইত্তেফাক/কেআই