রংপুর বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরডিআরএস বাংলাদেশ রংপুর ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) শাহনওয়াজ দিলাংবা খান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী হাসান আহমেদ বলেন, জয়িতারা বাংলাদেশের বাতিঘর। তাদের কাছে বাংলাদেশ আজ অনেক কিছু পেয়েছে। বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। আগামীতেও জয়িতারাসহ আমাদের নারী সমাজকে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাবে।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রংপুরের তারাগঞ্জ উপজেলার মিনারা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল দিনাজপুর জেলার পার্বতীপুরের রেজিনা খাতুন, সফল জননী হিসেবে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নূরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুচে অদম্য প্রচেষ্টার নতুন জীবনে ফিরে আসা উদ্যোক্তা ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুরের আকলিমা বেগম ও সমাজ উন্নয়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টি ক্যাটাগরিতে গাইবান্ধা সদর উপজেলার নূর আকতার বানুকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেয়া হয়।
ইত্তেফাক/কেআই
