রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর বাসের মালিক শাহাদাৎ হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এই বাসমালিক। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে শাহাদাৎ হোসেন বলেন, লাইসেন্স না দেখে গাড়ি চালাতে দেওয়া ঠিক হয়নি।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, স্বীকারোক্তি শেষে শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে বুধবার জাবালে নূর পরিবহনের বাসচালক মাসুম বিল্লাহ ইচ্ছাকৃত চাপা দেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মাসুম বিল্লাহর হালকা যানবাহন চালানোর লাইসেন্স ছিল। কিন্তু বাস চালানোর জন্য ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না।
উল্লেখ্য, গত ১ আগস্ট বাসমালিককে রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ইত্তেফাক/কেকে
