রাতে জানালা ভেঙে শিক্ষানবিশ আইনজীবীসহ দুই তরুণীর ওপর হামলা

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৪৫
মানিকগঞ্জে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে শিক্ষানবিশ আইনজীবীসহ দুই বোনকে মারধর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে জেলা শহরের পূর্বদাশড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
দুই বোন-মনিকা রাণী ভৌমিক (২৮) ও তারা রাণী ভৌমিককে (৩৫) প্রথমে ২৫০-শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
দুই বোনের মধ্যে রাণী ভৌমিক একজন শিক্ষানবিশ আইনজীবী। তিনি মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবি শিপ্রা রাণীর অধীন কাজ শিখছেন। আর ছোট বোন মনিকা রাণী ভৌমিক মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বাংলায় মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। তারা দুজনই অবিবাহিত। তাদের গ্রামের বাড়ি জেলার দৌলতপুর উপজেলায়।
 
তারা দুজন জেলা শহরের পূর্ব দাশড়া এলাকার অমূল্য চন্দ্র মন্ডলের একটি ইটের দেয়াল এবং টিনের চাল বিশিষ্ট এক কক্ষের ঘরে ভাড়া থাকেন। ওই বাড়ির মালিক অমূল্য চন্দ্র মণ্ডল বলেন, সকাল ছয়টার দিকে তার স্ত্রী মনিকা ও তারা রাণীকে কয়েকবার ডাকাডাকি করেও সাড়া পাননি। এরপর আশেপাশের বাড়ির কয়েকজনকে নিয়ে ডাকাডাকির এক পর্যায়ে তারা রাণী দরজা খুলে দিয়েই ঘরের মেঝেতে পড়ে যায়। মনিকাকে খাটের উপর মাথা ফাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
 
ঘরের পেছনের জানালার গ্রীল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে দুর্বৃত্তরা আলমাড়ি খলে কাগজপত্র ও জামাকাপড় তছনছ করে বলেও জানান অমূল্য চন্দ্র মণ্ডল। তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আহত দুই বোনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
 
মানিকগঞ্জ সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. লুৎফর রহামন জানান, আহত মনিকা রানী ভৌমিকের কপাল ফেটে গেছে এবং তারা রানী ভৌমিকের নাক দিয়ে রক্তা ঝড়ছে। তারা দুজনই একটু পরপর বমি করছে। এ কারণে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। আহতরা সুস্থ হয়ে ফিরে না আসলে বলা যাচ্ছে না কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। তবে ঘরের ভেতরে একটি ইট পাওয়া গেছে।
 
তার ধারণা, হয়তো দুর্বৃত্তরা রাতের যেকোন সময়ে ঘরের পেছনের জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে ওই ইট দিয়ে তাদের আঘাত করে আহত করেছে।
 
ইত্তেফাক/কেআই