ভূরুঙ্গামারীতে ট্রাফিক সার্জেন্টের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনাহাট কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত খায়রুজ্জান লিটন (২০) উত্তরছাট গোপালপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি শিলখুড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও একটি এনজিও কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল যোগে সোনাহাট স্থলবন্দরে যাচ্ছিলো লিটন। তিনি সোনাহাট কলেজ মোড়ে পৌঁঁছলে কুড়িগ্রামের টিআই মোস্তাফিজুর রহমানসহ অন্য দুই পুলিশ সদস্য তাকে ধাওয়া করে। এসময় একই দিকে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে লিটন।পরে গুরুতর অবস্থায় তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাফিক সার্জনের মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে ৩ পুলিশকে ইউনিয়ন পরিষদে আটকে রাখে। এসময় তাদের উদ্ধারের জন্য থানা পুলিশের একটি ভ্যান গেলে উত্তেজিত জনতা পুলিশ ভ্যানে ভাংচুর ও আগুন লাগানোর চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড শর্টগান ও ১৩ রাউন্ড গ্যাস গান নিক্ষেপ করা হয়েছে।
ওসি ইমতিয়াজ কবির বলেন, এক মোটরসাইকেল আরোহীর মারা যাবার কথা আমি শুনেছি। নিহতের সংবাদ ছড়িয়ে পড়ায় ওই এলাকায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
