এমআরপি এবং ওয়ারেন্টি পলিসিতে ঐক্যবদ্ধ বিসিএস সদস্যরা

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৮
সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) সংযুক্ত স্টিকারে পণ্য বিক্রি করলে ক্রেতাদের লোকসান হওয়ার সুযোগ থাকবে না। সর্বত্র একই মূল্যে পণ্য বিক্রি হওয়ার কারণে কম্পিউটার এবং এর যন্ত্রাংশ ব্যবসা রাজধানী কেন্দ্রিক না হয়ে সারাদেশে কম্পিউটার মার্কেটগুলোর বিক্রি বাড়বে। এতে ক্রেতারা যেমন কেনাকাটায় সন্তুষ্টি অর্জন করতে পারবেন, তেমনি বিক্রেতারাও ব্যবসায় ছন্দ ফিরে পাবেন। ওয়ারেন্টি পলিসি এক থাকার কারণে পণ্যের গুনগতমানের নিশ্চয়তাও মিলবে সবখানে।
 
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে সারাদেশের বিসিএস সদস্যদের সঙ্গে ‘এমআরপি ও ওয়ারেন্টি নীতিমালা ২০১৮’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় বিসিএস সদস্যরা এমআরপি ও ওয়ারেন্টির ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। মতবিনিময় সভার প্রথমে বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন। 
 
প্রথম সেশনে ওয়ারেন্টি নীতিমালা ২০১৮ বিষয়ে বক্তব্য দেন ওয়ারেন্টি কমিটির চেয়ারম্যান ও বিসিএস পরিচালক মো. আছাব উল্লাহ্ খান জুয়েল। দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য দেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার। 
 
এমআরপি নীতিমালার সুফল এবং কার্যনীতি নিয়ে সদস্যদের মত প্রদানের জন্য তিনি আহবান করেন। এসময় এমআরপি কমিটির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান তুহিন এমআরপি নীতি বাস্তবায়নে প্রণীত পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। 
 
ইত্তেফাক/জেডএইচ/