সিলেটের জৈন্তাপুরের খারুবিল গ্রামে আমিন উদ্দিনকে (৩২) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে অমানবিক নির্যাতনের অভিযোগে তার বাবা ও সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত ওই প্রতিবন্ধীকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
এলাকাবাসী জানায়, নির্যাতনের পর তাকে শিকল দিয়ে গাছের সঙ্গে তালা মেরে বেঁধে রাখা হয়। আমিন উদ্দিন জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চিকিৎসাধীন। এদিকে অমানবিক নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
পুলিশ আমিন উদ্দিনের বাবা আজির উদ্দিন (৬০), সৎ মা হোসনেয়ারা বেগমকে (৫০) গ্রেফতার করেছে। অন্যদিকে আমিন উদ্দিনের মামা নুরুল হক বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
নির্যাতনের এমন দৃশ্য দেখে উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনও বিস্মিত। বৃহস্পতিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম আজাদ ভূইয়া তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত প্রতিবন্ধীর খোঁজ খবর নিতে ছুটে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির, ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইত্তেফাক/কেআই
