আফতাব হত্যা মামলায় তৃপ্তি কারাগারে

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৪২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আফতাব আহমেদ হত্যা মামলায় বিএনপির সাবেক এমপি মো. মফিকুল হাসান তৃপ্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী এই আদেশ দেন। 
 
তৃপ্তিকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ড চায় সিআইডি। অপরদিকে তার পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানিকালে তৃপ্তির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এই  মামলায় গ্রেপ্তার হতে পারেন আঁচ পেয়ে ২০০৮ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন তৃপ্তি। তখন হাইকোর্ট পরোয়ানা ছাড়া তাকে গ্রেপ্তার না করার আদেশ দেয়। রুল জারি করে। রুলটি শেষ পর্যন্ত বহাল আছে। 
 
এ পর্যায়ে মহানগর হাকিম ওই আদেশ দেখতে চাইলে আইনজীবী বলেন, সময় পেলে তারা পরে তা দেখাতে পারবেন। এরপর আদালত রিমান্ড ও জামিন শুনানি মুলতবি রেখে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। একইসঙ্গে ১৩ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে দেয়। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক সুব্রত কুমার সাহার রিমান্ড আবেদনে বলা হয়, মামলার আসামি সানজিদুল হাসান ইমন ২০০৮ সালের ১০ এপ্রিল আদালতে এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। যেখানে আসামি তৃপ্তির সম্পৃক্ততার কথা বলেছেন। তাই ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামি তৃপ্তিকে ১০ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত ৮ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে তৃপ্তিকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্টো দক্ষিণ বিভাগের কোতয়ালি ইউনিট।
 
২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ফুলার রোডে বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের নিজ বাসায় অধ্যাপক আফতাবকে গুলি করে দুর্বৃত্তরা। গুলির তিনদিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় নিহতের স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/কেকে