বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ আশিক (২০) নামের যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আশিক বগুড়া শহরের নিশিন্দারা মধ্য পাড়ার নিলু শেখের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বগুড়া শহরের নিশিন্দারায় এই অভিযান চালানো হয়।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে,শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার হোটেল ও ভাংড়ি ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি এসএম বদিউজ্জানের নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিলু শেখের বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আশিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার বাড়িতে পিস্তল রয়েছে। পরে সে তাদের শো-কেসের ড্রয়ার থেকে ২টি ৭.৬৫ বোরের যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ২টি ম্যাগজিন বের করে দেয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দুটি পিস্তল ও ম্যাগজিনসহ আশিক নামের যুবককে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু
