আর্ট ক্যাম্প ‘বঙ্গবন্ধু এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ’

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০১:০৮

শোকের আগস্টের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত হলো আর্ট ক্যাম্প। সেই  ক্যাম্পে আঁকা ছবিতে উঠে এসেছে নানা অভিব্যক্তিময় জাতির জনকের প্রতিকৃতি। ‘বঙ্গবন্ধু এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক এ চিত্রশিবিরের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় চিত্রশালায় প্লাজায় সকাল থেকে বিকাল পর্যন্ত সচল ছিল ৫০ শিল্পীর রং ও রেখার আঁচড়। আর্ট ক্যাম্পে চিত্রিত চিত্রকর্মগুলো নিয়ে আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রদর্শনী। সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী সমরজিত্ রায় চৌধুরী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অংশ নেন শিল্পী হাশেম খান, আনোয়ার হোসেন ও জামাল আহমেদ। অনুষ্ঠান  সঞ্চালনা করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে আশ্রয় করে নিসর্গের ছবি এঁকেছেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী। এই শিল্পী বলেন, আগস্টের এই সময় আমাদের জন্য বেদনার। আমরা জাতির জনককে হারিয়েছিলাম। তবে, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়চিত্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন জাতিকে- এটা আনন্দের অনুভূতি এনে দেয়। আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন— হাশেম খান, সমরজিত্ রায় চৌধুরী, আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, ফরিদা জামান, জামাল আহমেদ, আব্দুল মান্নান, রণজিত্ দাস, সিদ্ধার্থ তালুকদার, রোকেয়া সুলতানা, আফরোজা জামিল কঙ্কা, কনক চাঁপা চাকমা, কীরিটি রঞ্জন বিশ্বাস, রফি হক, দেওয়ান মিজান, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, দুলাল চন্দ্র গাইন, নাসিমা খানম কুইনি, আব্দুস সাত্তার তৌফিক, সুমন ওয়াহিদ, অনুকুল চন্দ্র মজুমদার, সর্ব্বরী রায় চৌধুরী, এম. এম. ময়েজউদ্দীন, সুশান্ত অধিকারী, মো. কামালুদ্দিন, বিশ্বজিত্ গোস্বামী, সুনীল কুমার পথিক, নাজির হোসেন খান, সোহাগ পারভেজ, সহিদ কাজী, আসমিতা আলম শাম্মী, গুপু ত্রিবেদী, সুমন কুমার বৈদ্য, হারুন অর রশীদ টুটুল, রাশেদ সুখন, মানিক বণিক, শাহানুর মামুন, সঞ্জিব দাস অপু, মঞ্জুর রশিদ, সুরভী স্মৃতি, ফারজানা আহমেদ, শহিদুজ্জামান শিল্পী, প্রদীপ সাহা, আতিয়া ইসলাম এ্যানি, সিদ্ধার্থ দে, আল মঞ্জুর এলাহী, ফারহানা ইয়াসমিন যুথি, দিদারুল হোসাইন লিমন ও আশরাফুল আলম পপলু।

শিশুর তানে বাউলের গানে ‘বঙ্গবন্ধু’ :শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে শিশুর তানে বাউলের গানে ‘বঙ্গবন্ধু’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান। শিশুদের পাশাপাশি বাউলরাও সঙ্গীত পরিবেশন করেন। যারা বাউল গান পরিবেশন করেন- শিল্পী মানিক দেওয়ান, সোমা ব্যাপারী, সিদ্দিকুর রহমান, দিতি সরকার, গোলাম মোস্তফা, বিপাশা পারভীন, ফারুক নূরী, আবির বাউল, শিল্পী লাভলী শেখ, সমীর বাউল, শরীফ সাধু প্রমুখ।

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কারের জন্য বই আহ্বান: প্রতিবারের মত এবারও ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮’ দেওয়ার জন্য বই জমা নেওয়া শুরু করেছে বেঙ্গল ফাউন্ডেশন। পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো— কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ও গবেষণা  এবং শিশু-কিশোর সাহিত্য।

বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। পুরস্কারের জন্যে ১৮ থেকে ৪০ বছর (গ্রন্থ প্রকাশকালে অনূর্ধ্ব ৪০ বছর) বয়সী বাংলাদেশি কবি ও লেখকদের রচিত গ্রন্থ বিবেচিত হবে। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কালি ও কলম দফতরে ছয় কপি বই জমা দিতে হবে। বই পাঠানোর ঠিকানা, কালি ও কলম, মেগাডোরি, ৫ম তলা, বাড়ি ৫৭/এ, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি, ঢাকা ১২০৯।

ইত্তেফাক/নূহু