স্ত্রীর স্বীকৃতি পেতে যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৬:৩১
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর মর্যাদা পেতে শরীফ বখতিয়ার নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিক। বৃহস্পতিবার ওই নারী শ্রমিক বাদী হয়ে মামলা দায়ের করলে আদালতের বিচারক মো. আবু আজাদ শামীম মামলাটি আমলে নিয়ে আগৈলঝাড়া উপজেলার ৩নং বাগধা ইউপি চেয়ারম্যানকে তদন্ত প্রতিবেদন ও ওই নারীর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ বছর আগে রাজশাহী জেলা থেকে কাজের সন্ধানে স্বামী-সন্তান নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাগধা এলাকা আসেন ওই নারী শ্রমিক। সেখানে বাগধা গ্রামের কালাম হাওলাদারের অটোমেটিক রাইস মিলে শ্রমিকের কাজ শুরু করেন তিনি। পরে বাগদা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের সাহেব বখতিয়ারের ছেলে শরীফ বখতিয়ারের সঙ্গে পরিচয় হয় তার। শরীফ ওই নারী শ্রমিককে কু-প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামীকে হত্যার হুমকি দেয় শরীফ। হত্যার হুমকিতে তার স্বামী রাজশাহী ফিরে গেলে চলতি বছরের ১০ এপ্রিল রাতে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে শরীফ। ধর্ষণ শেষে নারী শ্রমিকের সাদা কাগজে স্বাক্ষর আদায় করে তাকে বিয়ের আশ্বাস দেয় শরীফ।
 
এর কয়েকদিন পর ওই নারী শ্রমিকের সঙ্গে তার স্বামীর তালাক হয়েছে বলে এলাকায় প্রচার করে। এরপর বিয়ে কথা বলে শারীরিক সম্পর্ক করলে ওই নারী শ্রমিক অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ১ আগস্ট রাতে ওই নারী শ্রমিক শরীফের দ্বারা তিন মাসের অন্তঃসত্ত্বার কথা জানিয়ে তার স্ত্রীর মর্যাদার দাবি করেন। এ সময় নারী শ্রমিককে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেয় ধর্ষক শরীফ।
 
ইত্তেফাক/বিএএফ