নরসিংদীতে নদ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২০:৫৫
নরসিংদীর বেলাবতে আবুল কালাম (৩১) নামের এক মিল্কভিটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চর বেলাব এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত আবুল কালাম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত সামাদ খানের ছেলে এবং রাজধানীর মিরপুর এলাকায় মিল্কভিটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম তার মাকে ডাক্তার দেখাতে বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থল মিরপুর থেকে বাড়িতে যান। সন্ধ্যায় মায়ের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর বাড়ির পাশের একটি মাজারের ওরস মাহফিলে যান। সেখান থেকে গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
 
শুক্রবার সকালে মাজারের বিপরীতে আড়িয়াল খাঁ নদের চর বেলাব অংশে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
বেলাব থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের ৯টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কারা কী কারণে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি