বিএনপির কোন ষড়যন্ত্রই কাজে আসছে না: মায়া

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৬:৩৪
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গত ৯ বছরে বিএনপি উল্লেখ করার মতো কোন আন্দোলন করতে পারেনি। নির্বাচনের আগে আর কি আন্দোলন করবে। আন্দোলন করতে না পেরে তারা বিচার সালিশের জন্য বিদেশিদের দরজায় দরজায় ধর্না দিয়েছে কিন্ত কোন লাভ হয়নি। সর্বশেষ ছাত্রদের সাথে তাদের কিছু বাহিনী রাস্তায় নামিয়ে সরকার পতনের চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিএনপির কোন ষড়যন্ত্রই কাজে আসছে না। তাই তারা এখন হতাশ।
 
শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম অডিটরিয়ামে ‘জমি আছে ঘর নাই প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে বিনামূল্যে বসতঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিরি একথাগুলো বলেন।
 
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এবং সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ মাস্টার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ হাজী রুহুল আমীন মোল্লা।
 
ইত্তেফাক/আরকেজি