নেত্রকোনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:৪৪
নেত্রকোনায় ট্রাকচাপায় জসিম উদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের আনন্দবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত জসিম আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেঙ্গা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি নেত্রকোনা শহরের বনোয়াপাড়া এলাকার মাহেন্দ্র মোটরসাইকেল শো-রুমের মেকানিকের কাজ করতেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে পারলা বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় পৌর শহরে আনন্দবাজার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/বিএএফ