২ জেলায় জামায়াত-শিবিরের ৩ নেতা আটক

আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:৫০
বাগেরহাটে জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদককে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে শনিবার সকালে জামায়াত-শিবিরের ২ নেতাকে আটক করা হয়েছে।
 
বাগেরহাট: জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মোরেলগঞ্জ উপজেলার ফেরিঘাট থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। রাহাত সদর উপজেলার দেওয়ানবাটি এলাকার মোক্তার হোসেনের ছেলে।
 
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি অনেকদিন ধরে পলাতক ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
 
শ্যামনগর (সাতক্ষীরা): জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী এলাকা থেকে পুলিশের উপ-পরিদর্শক আমজাদ হোসেন তাদের আটক করেন।
 
তারা হলেন- নীলডুমুর গ্রামের হযরত আলী মোল্যার ছেলে ও বুগিড়গোয়ালিনী ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ইয়াছিন মোল্যা এবং বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মেহের উদ্দীন মোল্যার ছেলে ও ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুল মজিদ মোল্যা। শ্যামনগর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি